
পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নেছারাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টায় নেছারাবাদ থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার ৫নং জলাবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইদেলকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আউরিয়া এলাকার বাসিন্দা মৃত ফজলুল হকের ছেলে মো. শাখাওয়াত হোসেন ( ৩৭) এবং উত্তর স্বরূপকাঠির ১নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ফারুক মোল্লার মেয়ে শিল্পী বেগম ফাতেমা (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দুই কারবারি নেছারাবাদের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট সরবরাহ ও খুচরা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ৫নং জলাবাড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইদেলকাঠি গ্রামের উত্তম মিস্ত্রির ভাড়া বাসা থেকে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, ‘শিল্পী একজন বড় মাদককারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। গতকাল ৩০ পিস ইয়াবাসহ শিল্পী ও তার স্বামী সাখাওয়াতকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।













