
কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার চকরিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র নয় শতাধিক গুলি উদ্ধার ও ৬জন ডাকাত আটক করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানান, ১৩ সেপ্টেম্বর দিবাগত রাতে চকরিয়া থানার বদরখালী পশ্চিম ছেনুয়া পাড়া ও খালকাঁচা পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২টি রাইফেল, ১টি শর্টগান, ৮২৫ টি রাইফেলের গুলি, ৫৫টি পিস্তলের গুলি ও ৩টি কার্তুজ গুলি উদ্ধার করা হয়, এ সময়ে রাজিব (২৬), নমি উদ্দিন (৪০), জসিম উদ্দিন (২৬), মোঃ সাগর রানা (২০) বানু (৫৫) ও জহুরা বেগম (৪৫)-কে গ্রেফতার করা হয়। এসময় ৩টি এন্ড্রয়েড ও ৩টি বাটন মোবাইল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের অস্ত্র ও গোলাবারুদ তৈরি, কেনাবেচা, অস্ত্র ভাড়া প্রদান এবং বিভিন্ন ডাকাতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি, হত্যা ও অন্যান্য অপরাধে মামলা থাকার বিষয়টিও প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। পলাতক ও সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আবদুল আজিজ জানান, চট্টগ্রাম রেঞ্জের মাননীয় ডিআইজি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মাদক, অবৈধ অস্ত্র, ডাকাতি, সন্ত্রাসী কার্যক্রমসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে চকরিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান চকরিয়া থানার অফিসার ইনচার্জ।













