ছাত্রলীগ নেতাকে পালানোর সুযোগ দেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার​

0
9

নওগাঁর জেলা প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের অভিযানে অবহেলার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। প্রত্যাহার হওয়া কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) অসিত কুমার। তাকে নওগাঁ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ওই ছাত্রলীগ নেতার নাম রাকিবুল হাসান। তিনি উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একটি মামলায় (সিআর মামলা নম্বর ২২২/২৫) আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

​জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ভোরে নিজ বাড়ি থেকে রাকিবুলকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এর আগে ভান্ডারপুর বাজারে তাকে গ্রেপ্তারের একটি সুযোগ তৈরি হলেও তিনি সটকে পড়েন। প্রথম দফায় তাকে গ্রেপ্তারের সক্ষমতা থাকা সত্ত্বেও স্থান ত্যাগ করতে দেওয়ার অভিযোগ ওঠে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এছাড়া প্রথম দফায় লেনদেনের বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়ার গুঞ্জন উঠলেও, আসামির পরিবার বিষয়টি অস্বীকার করেছে।

​বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, প্রথম অভিযানে আসামিকে পেয়েও না ধরার বিষয়টি নিয়ে নওগাঁ পুলিশ সুপারের কাছে অভিযোগ জমা পড়ে। এর প্রেক্ষিতেই এসআই অসিত কুমারকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

​বিষয়টি নিশ্চিত করে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, দায়িত্ব পালনে অবহেলা ও পরোয়ানাভুক্ত আসামিকে প্রথমবার পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার দায়ে এসআই অসিত কুমারকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এবং পেশাগত দায়িত্বে পুলিশ সদস্যদের আরও সতর্ক ও দায়িত্বশীল থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।


ছাত্রলীগ নেতাকে পালানোর সুযোগ দেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার​

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here