
ঢাকা জেলা প্রতিনিধি
নাশকতামূলক কর্মকাণ্ড, অপরাধ ও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। গুরুত্বপূর্ণ এলাকা ও স্থাপনার পাশাপাশি প্রধান সড়কগুলোতে বাড়ানো হয়েছে চেকপোস্ট, তল্লাশি ও টহল কার্যক্রম। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে চালানো হচ্ছে বিশেষ তল্লাশি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) এসআরবি-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী এসব তথ্য জানান।
তিনি জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রমের পাশাপাশি রোবাস্ট পেট্রোলিং ও মোটরসাইকেল পেট্রোলিং জোরদার করা হয়েছে। বিশেষ করে জনবহুল এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা, কেপিআই (কী পয়েন্ট ইনস্টলেশন) ও প্রধান সড়কগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি।
এরই ধারাবাহিকতায় অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি-ছিনতাই ও মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। তবে তল্লাশি ও নিরাপত্তা কার্যক্রমের কারণে সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী।
এদিকে অপরাধ দমনে মাঠপর্যায়ের টহল ও চেকপোস্ট কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এসআরবি-৩-এর এফএস সদস্যরা বিভিন্ন অপরাধী চক্রের ওপর গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছেন।
জনগণের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে এসআরবি-৩-এর অভিযান ও নিরাপত্তা কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছেন এসআরবির এই কর্মকর্তা।













