
কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের রামুতে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৫৯ হাজার ৭৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি সিএনজি অটোরিকশা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু থানার ফতেখারকুল চৌমুহনী সংলগ্ন এলাকায় অভিযান চালায় এসআরবি-১৫-এর একটি আভিযানিক দল। এ সময় ৩০ হাজার পিস ইয়াবা, একটি সিএনজি অটোরিকশা ও দুটি মোবাইল ফোনসহ মো. শফি আলম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মৃত শহর আলী ও মৃত গুলবাহারের সন্তান।
এরপর একই দিন দুপুর পৌনে ৩টার দিকে ফতেখারকুল চৌমুহনী সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ড এলাকায় পৃথক অভিযান চালায় আরেকটি আভিযানিক দল। অভিযানে ২৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা, একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোনসহ মো. ইউনুছ (২০) নামে আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি নাইক্ষ্যংছড়ির মো. শফি আলম ও আরেফা বেগমের সন্তান।
এসআরবি-১৫ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করার জন্য তাদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।












