ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেলেন শামীমা পারভীন

0
28

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

ঢাকা জেলায় প্রথমবারের মতো নারী পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন শামীমা পারভীন। তিনি সর্বশেষ পুলিশ অধিদপ্তরে সহকারী মহাপরিদর্শক (শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২০০৬ সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া শামীমা পারভীন দীর্ঘ ১৮ বছরের কর্মজীবনে দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনের অন্যতম উল্লেখযোগ্য অর্জন হলো হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৩৯ সদস্যের নারী পুলিশ ইউনিটের নেতৃত্ব প্রদান।

এছাড়া তিনি ঢাকা মহানগর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে নির্যাতিত নারী ও শিশুদের আইনি সহায়তা ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পুলিশ সুপার হিসেবে নিয়োগের আগে তিনি সহকারী মহাপরিদর্শক পদে থেকে পুলিশ সদস্যদের সন্তানদের শিক্ষা ও ক্রীড়া উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।

শামীমা পারভীন উচ্চশিক্ষায়ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি অস্ট্রেলিয়ার একটি স্বনামধন্য বৃত্তি অর্জন করে সিডনির একটি বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তা কৌশল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক ও স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অপরাধবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

পেশাগত দক্ষতা বাড়াতে তিনি ইতালি ও অস্ট্রেলিয়ায় বিশেষ প্রশিক্ষণও গ্রহণ করেছেন।

নড়াইল জেলার সন্তান শামীমা পারভীন বর্তমানে ঢাকার অফিসার্স ক্লাব ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য।

উল্লেখ্য, এর আগে ঢাকা জেলায় প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে ফরিদা খানমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার, যা প্রশাসনে নারীর অগ্রযাত্রার আরেকটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।


ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেলেন শামীমা পারভীন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here