
শাহানাজ ইসলাম,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় লাইসেন্স ছাড়াই ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার পান্থশালা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।
অভিযানকালে ডায়াগনস্টিক সেন্টারটির লাইসেন্সসংক্রান্ত বিষয়, পরিবেশ ও স্বাস্থ্যসেবার মানসহ বিভিন্ন দিক পরিদর্শন করা হয়। এ সময় প্রতিষ্ঠানে নানা অনিয়মের বিষয় উঠে আসে। পরে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি রোগীদের জন্য মানসম্মত ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসাসেবার মান বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। লাইসেন্সবিহীনভাবে স্বাস্থ্যসেবা পরিচালনা ও অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তাঁরা।













