শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

0
64

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন। আজ রোববার নির্ধারিত সময় রাত ৯টায় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত এমপিরা শপথ পত্রে স্বাক্ষর করেন। এরপর তাঁরা সংসদ সদস্যদের তালিকা বইয়ের স্বাক্ষর করেন। সবশেষে পরিচয়পত্রের জন্য ছবি তোলা হয় ও আঙুলের ছাপ নেওয়া হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জামায়াতের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২, স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

তবে একটি আসন নিয়ে এখনো জটিলতা রয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। তবে তাঁকে বিজয়ী ঘোষণা করে এখনো গেজেট প্রকাশ করা হয়নি। এ জন্য আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। তিনি কবে শপথ গ্রহণ করবেন তাও এখনো জানানো হয়নি।

এদিকে উচ্চ আদালতের রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়ে অনুরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আজ রোববার ইসির ডেসপাস বিভাগে ওই চিঠি দেওয়া হয়।

চিঠিতে মনিরা শারমিন জানান, তাঁর প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে রিট আবেদন করেছেন। এই আবেদনের শুনানি আগামীকাল সোমবার। সে পর্যন্ত ইসিকে গেজেট প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন তিনি।


শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here