কিশোর গ্যাং সম্রাট মারুফ মাদক ও নগদ টাকাসহ গ্রেফতার

0
17

কুড়িগ্রাম‌ জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ মো. মারুফ ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৬ মে) দিবাগত রাতে নাগেশ্বরী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একটি ইউক্যালিপটাস বাগান থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মারুফ ইসলাম পৌরসভার সাতানীপাড়া এলাকার মো. আব্দুস সালামের ছেলে। স্থানীয়দের কাছে তিনি কিশোর গ্যাং কার্যক্রমের সঙ্গে জড়িত বলেও পরিচিত বলে জানা গেছে।

 

থানা সূত্রে জানা যায়, নাগেশ্বরী থানার এসআই (নিঃ) নিরঞ্জন রায়ের নেতৃত্বে এসআই আহসান হাবিব আকাশ, এএসআই নির্মল চন্দ্র রায়, এএসআই মো. রবিউল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করছিল। রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কের উত্তর পাশে জনৈক রফিকুল ইসলামের ইউক্যালিপটাস বাগানের ভেতরে মাদক কেনাবেচা চলছে।

পরে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় রাত ১০টা ৩০ মিনিটে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মারুফ ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে পরিহিত জিন্স প্যান্টের বাম পকেট থেকে পলিথিনে মোড়ানো ৭ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ডান পকেট থেকে মাদক বিক্রির নগদ ৬ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়। উদ্ধার হওয়া টাকার মধ্যে ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০ ও ৫ টাকার বিভিন্ন নোট ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে স্থানীয়ভাবে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল। ওই রাতে বিক্রির উদ্দেশ্যেই সে বাগানে অবস্থান করছিল বলেও জানায়।

এ ঘটনায় এসআই (নিঃ) নিরঞ্জন রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, “এলাকায় মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের চিরুনি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”


কিশোর গ্যাং সম্রাট মারুফ মাদক ও নগদ টাকাসহ গ্রেফতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here