চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপের ধাক্কায় বৃদ্ধা নিহত

0
30

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের আলুকদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাওয়া বেগম চুয়াডাঙ্গার দর্শনা থানার মদনা এলাকার আব্দুল মজিদের স্ত্রী। তিনি সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে হাওয়া বেগম আলুকদিয়া বাজার এলাকায় ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে দ্রুতগতিতে একটি পিকআপভ্যান যাওয়ার সময় তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপভ্যানের চালককে আটক করে। একই সঙ্গে নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পিকআপভ্যানের চালককে আটক করা হয়েছে। নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’

এদিকে, আলুকদিয়া বাজার এলাকায় মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বাজার এলাকায় যানবাহনের চাপ ও অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। এ ধরনের দুর্ঘটনা এড়াতে বাজার এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।


চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপের ধাক্কায় বৃদ্ধা নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here