কিশোরগঞ্জে ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই আটক

0
13

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই হৃদয় মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মঠখোলা ইউনিয়নের চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ মিয়া ও অভিযুক্ত হৃদয় মিয়া ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানান, রিয়াদ নিয়মিত মাদক সেবন করতেন। মাদকের টাকা চেয়ে তিনি প্রায়ই তার মাকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার দিন হৃদয় ঢাকা থেকে বাড়িতে আসেন। বাড়িতে এসে তিনি জানতে পারেন, মাদকের টাকার জন্য তার ছোট ভাই রিয়াদ মাকে মারধর করেছেন।

এ বিষয় নিয়ে হৃদয় তার ছোট ভাই রিয়াদকে জিজ্ঞাসাবাদ করতে গেলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে হৃদয় ছুরি দিয়ে রিয়াদের বুকে আঘাত করেন বলে স্থানীয়রা জানান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিয়াদ মিয়াকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হৃদয় মিয়াকে আটক করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


কিশোরগঞ্জে ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here