নড়াইলের সাংবাদিক কাজী আশরাফ সড়ক দুর্ঘটনায় নিহত

0
11

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

খুলনা-ঢাকা মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কায় নড়াইলের সাংবাদিক কাজী আশরাফ (৪৫) নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা মাহমুদুল হাসান অনিক আহত হন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি এশিয়ান টেলিভিশনের লোহাগড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের জামাতা সনি চৌধুরী জানান, রোববার সকালে ব্যক্তিগত কাজে কাজী আশরাফ ও মাহমুদুল হাসান অনিক মোটরসাইকেলে করে লোহাগড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে ভাঙ্গার মনসুরাবাদ এলাকায় মোটরসাইকেলটি সড়কে স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে কাজী আশরাফ গুরুতর আহত হন। অনিকও আহত হন।

পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কাজী আশরাফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ১২টার দিকে তিনি মারা যান।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, সকালে মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কাজী আশরাফের মৃত্যুতে নড়াইলে কর্মরত সাংবাদিকেরা শোক জানিয়েছেন।


নড়াইলের সাংবাদিক কাজী আশরাফ সড়ক দুর্ঘটনায় নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here