মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ইকবাল হোসেন

0
11

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রকৌশলী এম. ইকবাল হোসেন।

গত বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় তিনি সশরীরে হাসপাতালে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং প্রশাসনিক কার্যালয়ে আয়োজিত একটি বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেন।

হাসপাতাল পরিদর্শনকালে আয়োজিত সভায় ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে আগুনের আতঙ্কে ও গুরুতর অসুস্থতায় দুইজনের মৃত্যু হয়েছে।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে প্রতিমন্ত্রীর নির্দেশে পূর্বের ৫ সদস্যের তদন্ত কমিটিকে আরও জোরদার করতে পুনর্গঠন করা হয়েছে। একই সাথে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট বিবরণ দ্রুততম সময়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তের পাশাপাশি বহুতল ভবনের জরুরি নির্গমনের ৫টি প্রধান সিঁড়ির মধ্যে ৪টিই কেন তালাবদ্ধ রাখা হয়েছিল, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছেন প্রতিমন্ত্রী ও স্থানীয় প্রশাসন।

একই সাথে চিকিৎসাধীন অতিরিক্ত রোগীর চাপ সামলাতে এবং ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সচল করতে প্রকৌশলীদের জরুরি সংস্কার পরিকল্পনা তৈরির নির্দেশনা দেওয়া হয়। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী গণমাধ্যমকর্মীদের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।


মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ইকবাল হোসেন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here