অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার কারাদণ্ড

0
16

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে অনুমোদন ছাড়াই ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়ক এলাকায় বায়েজিদ হোসেনের মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজ নামের একটি কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে অনুমোদন ছাড়াই কারখানাটি পরিচালনা করে আসছিলেন বায়েজিদ হোসেন। সেখানে শিশুদের জন্য বেবি জেল, প্রাপ্তবয়স্কদের বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হচ্ছিল।

অভিযানকালে কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো বলেন, ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৬(১) ধারা লঙ্ঘনের অভিযোগে কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বায়েজিদ হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত বায়েজিদ হোসেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে তিনি ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় বসবাস করেন।

এদিকে, এ ঘটনায় দলীয় অবস্থান জানিয়ে ফরিদপুর জেলা এনসিপির সদস্য সচিব সাইফ হাসান খান বলেন, “কোনো ধরনের অন্যায়ের সঙ্গে আমাদের কোনো আপস নেই। আমাদের দলের কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে কেন্দ্রকে জানানো হবে।


অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার কারাদণ্ড

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here