
নওগাঁ জেলা প্রতিনিধি
শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদকবিরোধী অভিযানে এক মাদক বিক্রেতাসহ নয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ। এ সময় লীলা বাশফোর (৪৫) নামের এক নারীর কাছ থেকে ১৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে প্রায় দুই ঘণ্টা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, লীলাকে মাদক বিক্রির অভিযোগে এবং অন্য আটজনকে মাদক সেবন ও জনউপদ্রব সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত অন্যরা হলেন মো. কালাম (৪৭), মো. সুইট (৩২), শ্রী রতন (৪৭), মো. সালাউদ্দিন (২৩), মো. নাহিদ ইসলাম (৩৯), মো. আরিফ হোসেন (৩০), মো. রিকো (৩৯) ও মো. জাফর আলী (৩৬)। তাঁদের মধ্যে কয়েকজন নওগাঁসহ বিভিন্ন জেলার বাসিন্দা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।













