শায়েস্তাবাদে বউ-শাশুড়ির বিরোধে নারীর মৃত্যু, পুত্রবধূ আটক

0
18

বরিশাল জেলা প্রতিনিধি

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের আটহাজার গ্রামে পারিবারিক বিরোধের জেরে রুনু বেগম (৬০) নামে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার পুত্রবধূ ফাতেমা বেগম (২৬)কে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আটহাজার গ্রামের পেশকার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে পারিবারিক বিষয় নিয়ে রুনু বেগমের সঙ্গে তার পুত্রবধূ ফাতেমা বেগমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ফাতেমা তার শাশুড়ির গলা চেপে ধরেছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। এরপর রুনু বেগম অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা রুনু বেগমের মরদেহ উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুত্রবধূ ফাতেমা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়।

নিহত রুনু বেগমের স্বামী খলিল পেশকার। তাদের ছেলে রেদওয়ান পেশকারের স্ত্রী ফাতেমা বেগম। ফাতেমার বাবার বাড়ি পটুয়াখালীর গলাচিপা এলাকায়।

কাউনিয়া থানার এএসআই শরীফ বলেন, পারিবারিক বিরোধের বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে। তবে রুনু বেগমের মৃত্যুর প্রকৃত কারণ কী এবং ঘটনার সঙ্গে কারও দায় রয়েছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এদিকে বউ-শাশুড়ির বিরোধকে কেন্দ্র করে ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যুর ঘটনায় এলাকায় নানা আলোচনা চলছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহের বিষয়ে আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।


শায়েস্তাবাদে বউ-শাশুড়ির বিরোধে নারীর মৃত্যু, পুত্রবধূ আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here