কুমিল্লায় ছাত্রদলের মিছিলে কিশোর গ্যাং লিডার রতন

0
8

কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বে মিছিলে আলোচিত কিশোর গ্যাং লিডার ইমরান হোসেন ওরফে রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত শুক্রবার থেকে ছবিটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়েছে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। তার পেছনে কয়েকজন সহযোগীসহ দাঁড়িয়ে রয়েছেন রতন। গত বুধবার বিকেলে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ধর্মসাগর পাড় সড়কে ওই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটির নেতৃত্বে ছিলেন মহসিন।

ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করা হচ্ছে। দলীয় কর্মসূচিতে আলোচিত কিশোর গ্যাংয়ের সদস্যদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

তবে বিষয়টি অস্বীকার করেছেন মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন। তিনি বলেন, ‘আমি গ্যাং লিডার রতনকে চিনি না। স্বেচ্ছাসেবক দলের একটি মিছিলে কীভাবে সে আমার পেছনে দাঁড়িয়েছে, তা আমি বলতে পারব না। ছাত্রদল কখনো কিশোর গ্যাং কালচার সমর্থন করে না। এখন থেকে দলীয় কর্মসূচিগুলোতে গভীরভাবে দৃষ্টি রাখা হবে।’

মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, ‘দলীয় কর্মসূচিতে কিশোর গ্যাংয়ের উপস্থিতি কোনোভাবেই মেনে নেয়া হবে না। মহসিনের সঙ্গে কিশোর গ্যাং লিডার রতনের ছবিটি খতিয়ে দেখব। এর সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, রতন গ্রুপের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন সময়ে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ২৬ এপ্রিল রাতে র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রতনকে গ্রেফতার করা হয়। পরে জামিনে কারাগার থেকে বের হন তিনি।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘কুমিল্লার অন্যতম শীর্ষ কিশোর গ্যাং লিডার রতন। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। তিনি বর্তমানে জামিনে আছেন বলে জেনেছি। তাকে গ্রেফতারে কয়েকবার অভিযান চালানো হয়েছে। তবে তিনি পালিয়ে গেছেন।’

রতনের মুঠোফোন বন্ধ থাকায় মিছিলে অংশগ্রহণের বিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


কুমিল্লায় ছাত্রদলের মিছিলে কিশোর গ্যাং লিডার রতন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here