
লালমোহন (ভোলা) প্রতিনিধি
আসন্ন লালমোহন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। ভোটারদের সঙ্গে যোগাযোগ, সামাজিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় ৬ নম্বর ওয়ার্ডেও বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।
এ ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা, মিডিয়া ব্যক্তিত্ব, লালমোহন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদার। দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে স্থানীয়দের মধ্যে তাকে নিয়ে আলোচনা রয়েছে বলে জানা গেছে।
শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “আমি এ মাটির সন্তান। এলাকার মানুষের জোর অনুরোধ এবং নিজের দায়বদ্ধতা থেকেই সমাজসেবায় এগিয়ে এসেছি। আমি ছাত্র রাজনীতি করেছি, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি এবং রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেছি। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো ও সমাজের কল্যাণে কাজ করার শিক্ষাটা মূলত পরিবার থেকেই পেয়েছি।”
তিনি আরো বলেন, “লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো বাজারের বড় একটি অংশ এ ওয়ার্ডে হওয়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। আমি নির্বাচিত হলে বাজারের যানজট ও জলাবদ্ধতা নিরসন, মশক নিধন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নসহ নাগরিক সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি জননিরাপত্তা, সুপেয় পানি এবং অন্যান্য নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করতে চাই।”
বর্নালী সড়ক, উত্তর বাজার ও মাস্টার পাড়ার
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা, মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং এলাকার বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে মো. শহিদুল ইসলাম হাওলাদারকে নিয়ে ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে আলোচনা রয়েছে। নির্বাচনী তৎপরতা যত এগোচ্ছে, তার প্রার্থিতা নিয়েও স্থানীয় পর্যায়ে আগ্রহ বাড়ছে।












