
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে লেবুখালী টোল প্লাজা সংলগ্ন চেকপোস্টে অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাহিদুল ইসলাম নওশাদ (৩০) নামে এক যুবককে আটক করেছে দুমকি থানা পুলিশ। আটক নওশাদ মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বরিশাল থেকে আসা একটি সিলভার রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে লেবুখালী টোল প্লাজা সংলগ্ন চেকপোস্টে অবস্থান নেয় পুলিশ। রাত সাড়ে ৯টার দিকে সন্দেহভাজন প্রাইভেটকারটি চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির চালকের পাশের সামনের আসনে বসা নাহিদুল ইসলাম নওশাদকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে টোল প্লাজার কর্মচারী ও গাড়ির চালকের উপস্থিতিতে নিজের পকেট থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেন বলে জানায় পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবা তিনি গাড়িচালকের অগোচরে মানিকগঞ্জ থেকে বাউফলের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে জানান।
আটক মো. নাহিদুল ইসলাম নওশাদ (৩০) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চক মিরপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মো. নুরুল ইসলাম এবং মাতার নাম কমলা বেগম।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।













