বানারীপাড়ায় মানবপাচার মামলায় আসামি গ্রেপ্তার

0
16

বরিশাল জেলা প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়া এবং পরে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবপাচার মামলায় তরিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর কাউনিয়া এলাকা থেকে এসআরবি-৮-এর সহায়তায় বানারীপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণকাঠী গ্রামের সেলিম হোসেন বেপারীর ছেলে আমিনুল ইসলাম (২২)কে সৌদি আরবে অর্ধলক্ষাধিক টাকা বেতনে একটি উন্নত হোটেলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন আসামি তরিকুল ইসলাম। এ জন্য তার কাছ থেকে চার লাখ টাকা নেওয়া হয়।

গত ১১ ফেব্রুয়ারি আমিনুল ইসলামকে সৌদি আরবে পাঠানো হলেও সেখানে তাকে কোনো কাজ দেওয়া হয়নি। এমনকি ওয়ার্ক পারমিট, আকামাসহ বৈধ কোনো কাগজপত্রও দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। বরং তাকে আটকে রেখে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়।

একপর্যায়ে দেশে ফিরিয়ে দেওয়ার কথা বলে আমিনুলের পরিবারের কাছ থেকে আরও ৩৫ হাজার টাকা নেওয়া হয়। তবে টাকা নেওয়ার পরও তাকে দেশে ফেরত পাঠানো হয়নি। বর্তমানে বৈধ কাগজপত্র না থাকায় সৌদি আরবে অবৈধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন বলে পরিবারের অভিযোগ।

ছেলের এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে আমিনুলের বাবা সেলিম হোসেন বেপারী গত ৯ সেপ্টেম্বর বরিশাল মানবপাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালে তরিকুল ইসলামের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে মামলা দায়ের করেন।

আদালতের বিচারক সৈয়দ আবিদুল হকের নির্দেশে গত ২০ সেপ্টেম্বর মামলাটি বানারীপাড়া থানায় রুজু করা হয়। এরপর মামলার তদন্ত ও আসামিকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে বুধবার কাউনিয়া এলাকা থেকে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।


বানারীপাড়ায় মানবপাচার মামলায় আসামি গ্রেপ্তার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here