ওসমানীনগরে ভূমি বিরোধে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

0
25

সিলেট জেলা প্রতিনিধি

সিলেটের ওসমানীনগরে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, হুমকি ও অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার উমরপুর ইউনিয়নের খুজগীপুর গ্রামের সাইদুর রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইদুর রহমান অভিযোগ করেন, পূর্ববিরোধের জের ধরে গত ২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উমরপুর বাজারে তার ওপর হামলা চালানো হয়। এ সময় তিনি গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে গিয়ে তার ভাতিজা হাছান মিয়া, চাচাতো ভাই আক্তার হোসেন ও ব্যবসা প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক জালাল মিয়াও আহত হন।

এ ঘটনায় সাইদুর রহমানের ভাই আমিনুর রহমান বাদি হয়ে গত ২৭ সেপ্টেম্বর ওসমানীনগর থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং আরো ৬-৭ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সাইদুর রহমান বলেন, খুজগীপুর মৌজায় তার দাদা ইউনুছ আলী ১৯৭০ সালে তিনটি দলিলের মাধ্যমে ১৩০ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে তার বাবা ও চাচার নামে জমিটি রেজিস্ট্রি ও নামজারি করা হয়। তবে জমি কেনার কয়েক বছর পর একই এলাকার চাঁন মিয়া ও আব্দুল জলিল জাল দলিলের মাধ্যমে ওই জমির মালিকানা দাবি করেন। এ নিয়ে তার চাচা সোনাওর আলী ১৯৭৬ সালে বালাগঞ্জ সহকারী জজ আদালতে মামলা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০১০ সালের ২৬ আগস্ট সিলেট বিশেষ জেলা জজ আদালত সোনাওর আলীর পক্ষে রায় দেন বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, চলতি বছরের জুলাইয়ে ওই জমিতে সাইদুর রহমান একাধিক সাইনবোর্ড স্থাপন করলে মাজাহিদ আলী, আব্দুল শহিদ ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গিয়ে সাইনবোর্ড ভাঙচুর করে নিয়ে যায়। এ সময় সাইদুর ও তার পরিবারের সদস্যদের ওপর হামলারও চেষ্টা করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে জমির কাগজপত্র নিয়ে থানায় হাজির হতে বলে।

সাইদুর রহমান আরো অভিযোগ করেন, এরপর থেকে তাকে বিভিন্নভাবে হয়রানি ও হামলার হুমকি দেয়া হচ্ছে। তার ছবি ব্যবহার করে অন্য এক নারীর ছবি সংযুক্ত করে জাল কাবিননামা তৈরি এবং সাজানো অভিযোগপত্র বিভিন্ন ব্যক্তি ও জনপ্রতিনিধির কাছে পাঠিয়ে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় তিনি সিলেট প্যানেল কোর্টে মামলা করেছেন বলেও জানান।

তিনি বলেন, গত ২৩ সেপ্টেম্বর এশার নামাজ শেষে উমরপুর বাজার মসজিদ থেকে বের হওয়ার পর অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠান রহমান রাইস মিলে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে ঢুকে ভাঙচুর করে। এ সময় লোহার পাইপ ও ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। ব্যবসা প্রতিষ্ঠানে থাকা নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ারও অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চার দিন চিকিৎসা নেন।

সাইদুর রহমান অভিযোগ করেন, বর্তমানে তাকে গুম ও হত্যার পরিকল্পনা করা হচ্ছে। তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তদের গ্রেপ্তার এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা দাবি করেন।

সংবাদ সম্মেলনে তার ভাই আমিনুর রহমান, চাচাতো ভাই আক্তার হোসেন, স্থানীয় আঙ্গুর মিয়া, হাসান মিয়া, জাকির আহমদ ও জালাল মিয়া উপস্থিত ছিলেন।


ওসমানীনগরে ভূমি বিরোধে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here