
ঢাকা জেলা প্রতিনিধি
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত একদিনে ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এ ঘটনায় মোট ৫১টি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া অভিযানে ইয়াবা, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারের পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, তেজগাঁও বিভাগে ৯০ জন, মিরপুর বিভাগে ১২৪ জন, গুলশান বিভাগে ৩২ জন, উত্তরা বিভাগে ৫১ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
অভিযানকালে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২ হাজার ২৩৭ পিস ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল, আটটি মোবাইল ফোন, একটি চাপাতি ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া অভিযান চলাকালে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।













