সেনবাগে ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

0
2

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে ধানক্ষেতে ইঁদুর নিধনের জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাজা মাইনুদ্দিন মানিক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার অর্জুনতলা ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত খাজা মাইনুদ্দিন মানিক সেনবাগ উপজেলার ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোরকাটা গ্রামের আলতাফ আলী পণ্ডিত বাড়ির শেখ শফির বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাশের বাতাকান্দি গ্রামের নজির মাস্টারের ধানক্ষেতে ইঁদুর নিধনের জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা হয়েছিল। শুক্রবার সকালে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ওই বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন মাইনুদ্দিন মানিক। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখার বিষয়ে আশপাশের মানুষকে আগে থেকে সতর্ক করা হয়নি। এ ধরনের অনিরাপদ ব্যবস্থা মানুষের জীবনকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে বলে মনে করছেন তাঁরা।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে বলে জানা গেছে।

এদিকে, কৃষিজমিতে ইঁদুর নিধনের জন্য অনিরাপদভাবে বিদ্যুৎ ব্যবহারের ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভও দেখা দিয়েছে। তাঁদের মতে, বৈদ্যুতিক ফাঁদ ব্যবহারের পরিবর্তে নিরাপদ পদ্ধতিতে ইঁদুর দমনের ব্যবস্থা করা প্রয়োজন। একই সঙ্গে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।


সেনবাগে ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here