
খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নড়াইল জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) নড়াইল পুলিশ লাইন্সের ড্রিল শেডে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তাবিষয়ক ব্রিফিং প্যারেডে তিনি এ নির্দেশনা দেন।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নড়াইল জেলা পুলিশ সর্বদা দায়িত্ব পালন করে যাচ্ছে। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে কোথাও যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রেখে যাতে সবাই শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে জন্য জেলা পুলিশকে পেশাদারত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ব্রিফিং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নড়াইল জেলা কমান্ড্যান্ট এস. এম. শরিফুল আলম, পিভিএম; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই আলম সিদ্দিকী; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রকিবুল হাসান; কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিন হালদার।
এ ছাড়া নড়াইল জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিআইও-১, গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা, টিআই (অ্যাডমিন), কোর্ট ইন্সপেক্টরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।













