সাতক্ষীরায় হত্যার চারদিন পর দেহ থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

0
107

সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরায় চা বিক্রেতা ইয়াসিন আলী হত্যার চারদিন পর তার দেহ থেকে বিচ্ছিন্ন লুকিয়ে রাখা মাথা উদ্ধার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। রবিবার সকাল সাড়ে ৯টার সময় শহরের লেকভিউ সংলগ্ন সাতক্ষীরা বাইপাস সড়কের কালভার্টের নিচ থেকে বস্তাবন্দী অবস্থায় মাথাটি উদ্ধার করা হয়।

এর আগে গত ৩১ আগস্ট সকাল ৯টার দিকে বাইবাস সড়ক সংলগ্ন বকচরা এলাকার একটি জলাশয় থেকে সুলতানপুরের চায়ের দোকানদার ইয়াসিন আলীর মাথাবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। এ সময় রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা নিহতের জুতা দেখে তার স্ত্রী তাছলিমা খাতুন লাশের পরিচয় শনাক্ত করে।

এ হত্যার ঘটনায় র‌্যাব-৬ এর সদস্যরা রবিবার ভোররাতে অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর খালচর বস্তির নিজবাড়ি থেকে হত্যার মূল পরিকল্পনাকারী ভ্যানচালক শেখ জাকির হোসেনকে আটক করে। তার বাবার নাম মৃত বাচ্চু শেখ। জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে।

 

র‌্যাব জানায়, রবিবার সকাল ৯টার দিকে র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদের নেতৃত্বে র‌্যাব-৬ এর একটি দল আসামি জাকির হোসেনকে নিয়ে নিহত ইয়াসিনের মাথা উদ্ধারে অভিযানে নামে। দীর্ঘ তল্লাশির পর সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার বাইপাস সড়কের কালভার্টের নিচ থেকে বস্তাবন্দী অবস্থায় ইয়াসিন আলীর মাথা উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব-৬ এর সদস্যরা। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে বাইপাস সড়কে সাংবাদিকদের নিয়ে একটি প্রেস ব্রিফিং করেন র‌্যাব-৬।

এসময় র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ জানান, টাকা সংক্রান্ত লেনদেনের কারণে চা বিক্রেতা ইয়াসিনকে একাই হত্যা করে জাকির হোসেন। পাওনা টাকা না দেওয়ায় ১৫ দিন আগে থেকে সে হত্যার পরিকল্পানা করে। এর জন্য শহরের কামাননগর এলাকা থেকে ১৫০ টাকা দিয়ে একটি ধারাল চাপাতি ক্রয় করে সে।

ঘটনার দিন ইয়াসিনকে রাত ৯টার দিকে নতুন একটি ব্যবসার কথা বলে চায়ের দোকান থেকে ডেকে আনে ভ্যান চালক জাকির হোসেন। পরে সুযোগ বুঝে রাত ১২টার দিকে শহরের বাইপাস সড়কে তাকে চাপাতি দিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে জলাশয়ে ফেলে দেয়। পরে গোসল করে ভ্যানচালক জাকির হোসেন বাড়িতে চলে যায়। তবে বিলের মধ্যে জলাশয়ে খুনে ব্যবহৃত চাপাতিটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানায় র‌্যাব-৬ এর অধিনায়ক।


সাতক্ষীরায় হত্যার চারদিন পর দেহ থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here