
মোঃ শাহানশাহ সোহান,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
তেঁতুলিয়ায় ভূয়া মেডিকেল চিকিৎসক পদবী ব্যবহার করে চিকিৎসা প্রদান করার দায়ে হয়রত আলী (৪৬) নামের এক কবিরাজকে মোবাইল কোর্টে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে তেঁতুলিয়া চৌরাস্তা বাজার সংলগ্ন সাহেবজোত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ভূয়া চিকিৎসক পদবী ব্যবহার করে চিকিৎসা প্রদানকালে উক্ত কবিরাজকে আটক করা হয়।
আটককৃত কবিরাজ হয়রত আলী দীর্ঘদিন থেকে তেঁতুলিয়াসহ বিভিন্ন এলাকায় মেডিকেল অফিসার হিসেবে ভূয়া পদবী ব্যবহার করে রোগীদেরকে চিকিৎসা প্রদান করে আসছেন মর্মে স্বীকারোক্তি প্রদান করায় মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯ ধারা মোতাবেক ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হলে তিনি দণ্ডিত অর্থ পরিশোধ করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত হযরত আলী বগুড়া জেলার সোনাতলা উপজেলার পাকুল্যা গ্রামের মরহুম এরফান আলীর পুত্র।
এ সময় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আরিফুল ইসলাম ও তেঁতুলিয়া মডেল থানার এসআই রাসেল উপস্থিত ছিলেন।





