
শাহরিয়ার শাকিল,বিশেষ প্রতিনিধি বড়লেখা মৌলভীবাজার
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফলাফল প্রকাশ করেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে কম্পিউটারের বাটন চেপে প্রধানমন্ত্রী এই পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলী হলে শেখ হাসিনার হাতে এ ফলাফল তুলে দেওয়া হয়।
মৌলভীবাজারের বড়লেখায় এবারের এইচএসসি পরীক্ষায় ৪১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এরমধ্যে নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজ থেকে ৩১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের হারের দিক থেকে উপজেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এম. মুন্তাজিম আলী কলেজ।
এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় মোট ৭ জন পরীক্ষার্থী এ-প্লাস পেয়েছে। এছাড়া এবাদুর রহমান চৌধুরী টেকনিকেল এন্ড বিএম কলেজ থেকে এ-প্লাস পেয়েছে ৬ জন শিক্ষার্থী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষায় বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজ থেকে ৩১ জন, এবাদুর রহমান চৌধুরী টেকনিকেল এন্ড বিএম কলেজ থেকে ৬ জন, বড়লেখা সরকারি কলেজ থেকে ৩ জন ও দাসেরবাজার আদর্শ কলেজ থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অপরদিকে আলিম পরীক্ষায় সুজাউল সিনিয়র মাদ্রাসা থেকে ৩ জন, ইটাউরী সিনিয়র মহিলা মাদ্রাসা থেকে ২ জন এবং বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও চান্দগ্রাম এইউ ফাজিল ডিগ্রী মাদ্রাসা থেকে ১ জন করে সর্বমোট ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।





