
মোঃ ফয়সাল সরকার রিচার্ড,রাজশাহী জেলা প্রতিনিধি
অবরোধের সমর্থনে রাজশাহীর পুঠিয়া শিবপুরে যাত্রীবাহি বাস ও দুটি ট্রাক ভাংচুর করা হয়েছে। আজ বুধবার দুপুর ২ টার দিকে উপজেলার শিবপুর এলাকায় মহাসড়কে যাত্রীবাহি বাস ও দুটি ট্রাক ভাংচুরের ঘটনা ঘটে। তবে স্থানীয়দের তোপের মুখে পালিয়ে গেছে অবরোধকারীরা।
অবরোধকারীদের মধ্যে স্থানীয়রা বাঁধন ও মুকুট নামের দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে।
ঘটনার পর ওই এলাকাসহ রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বুধবার দুপুরে পার্শ্ববর্তী উপজেলা চারঘাট ও ঈশ্বরদী থেকে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় মহাসড়কের উপর রাস্তা অবরোধ করে। এসময় তারা যাত্রীবাহী বাস এবং দুটি ট্রাকে ভাংচুর চালায়। পরে স্থানীয় জনতা তাদেরকে ধাওয়াত দিলে অবরোধকারীরা পালিয়ে যায়। এরমধ্যে বাঁধন ও মুকুট নামের দু’জনকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।
অবরোধকারীরা একটা যাত্রীবাহী বাস এবং দুটি ট্রাক ভাংচুর করেছে। ভাংচুর করা বাসে অন্তত ৫০ জন যাত্রী ছিল। ভাংচুরের সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় বাসে থাকা ছোট শিশুরা আতঙ্কে কান্নাকাটি শুরু করে।
তবে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন- পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি জানান, ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুঠিয়ার প্রায় সব রাস্তায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। আর এ ঘটনায় মামলা বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।













