
মোঃ আনিসুজ্জামান হৃদয়,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ বলেন, গত ৭ জানুয়ারির ‘আমি-ডামি’র নির্বাচন দেশের মানুষ প্রত্যাখান করেছেন। তিনি বলেন, দেশে ধনী-গরিবের বৈষম্য বৃদ্ধি পেয়েছে। দ্বি-দলীয় জোটের ক্ষমতার লড়াইয়ে সাধারণ মানুষ নেই। সংসদে সিংহভাগ এমপি লুটেরা ধনীকগোষ্ঠীর পক্ষের। তিনি বলেন, নিরপেক্ষ তদারকি সরকার ছাড়া সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে জনগণের পিঠে ছুড়িকাঘাত করা হয়েছে।
সমাবেশের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন ডা. দিবালোক সিংহ ও নলিনী কান্ত সরকার। উদ্বোধনের পর লাল পতাকার মিছিল পূর্বধলা বাজার প্রদক্ষিণ করে।
হুমায়ূন রাশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সংগঠক নলিনী কান্ত সরকার, জাতীয় পরিষদ সদস্য অর্ণব সরকার বাপ্পী, জেলা কমিটির সম্পাদক মঞ্জূরুল হক তালুকদার, মীর আলকাস উদ্দিন, পূর্বধলা শাখার সদস্য আনোয়ার হোসেন ও উপজেলা যুব ইউনিয়নের নেতা ফখরুল হাসান। সভা পরিচালনা করেন মোস্তফা কামাল।













