
অনলাইন ডেস্ক:
সিরাজগঞ্জে চাঞ্চল্যকর বৈদ্যুতিক মিটার চুরি চক্রের মূল হোতা বাকিরুল ইসলাম রাকিবকে (২৫) গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শনিবার রাতে সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, জেলার কামারখন্দ, কাজিপুর, রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে বেশ কিছুদিন ধরে রাতের আধাঁরে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক মিটার চুরি হয়। এসব মিটার চুরির ঘটনায় সংশ্লিষ্ঠ থানায় অভিযোগ দায়ের করা হয়। এ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযানে নামে এবং মিটার চুরির ওই এলাকা থেকে মূল হোতা বাকিরুল ইসলাম রাকিবকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে কাজিপুর উপজেলার হাজরাহাটি গ্রাম থেকে ১টি, মাথাইলচাপড়া গ্রাম থেকে ১টি, রৌহাবাড়ি গ্রাম থেকে ২টি, হাটশিয়া গ্রাম থেকে ২টি ও রায়গঞ্জ উপজেলার এলাঙ্গী মধ্যপাড়া গ্রাম থেকে একটি বৈদ্যুতিক মিটার ও মিটার চুরিরর যন্ত্রপাতি উদ্ধার করা হয়। মিটার চুরির ঘটনায় কাজিপুর ও রায়গঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, মিটার গুলো পোল থেকে খুলে উক্ত স্থানে একটি বিকাশ নম্বর কাগজের টুকরোতে ঝুলিয়ে রাখে। উক্ত বিকাশ নম্বরে ক্ষতিগ্রস্ত গ্রাহক পাওয়ার পর চোর চক্রর সাথে যোগাযোগ করলে মিটার ফিরিয়ে দেয়ার শর্তে তারা বিভিন্ন পরিমানে টাকা দাবী করে। দাবীকৃত টাকা পেলে চুরি হওয়া মিটার কোন নির্দিষ্ট স্থানে রেখে গ্রাহককে ফোন দিয়ে বলে দেয়া হয়। এ ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতার প্রক্রিয়া চলমান রয়েছে। এ সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান রহমান (রায়গঞ্জ সার্কেল) ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।





