
নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (BYSIS) আয়োজিত ইনোভেশন স্পার্ক ১.০ এর উদ্বোধনী অনুষ্ঠান ঢাকার তেজগাঁওয়ে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৯ নভেম্বর ২০২৫ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে। এই বৃহৎ উদ্ভাবনী উদ্যোগটি ২০২৬ইং সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, যেখানে হাতে-কলমে বিজ্ঞান কর্মশালা, আন্তর্জাতিক বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড, বুটক্যাম্প এবং একাধিক উদ্ভাবন-কেন্দ্রিক কার্যক্রম অনুষ্ঠিত হবে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে।
সারা দেশের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে আসা অংশগ্রহণকারীদের নিয়ে আয়োজিত এই জাতীয় প্রতিযোগিতায় টিম আলো কম্পিউটিং, এআই ও ডিজিটাল ইনোভেশন ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করে। দলটি বেস্ট পোস্টার অ্যাওয়ার্ডও জিতে নেয়, যা বিচারকদের বিশেষ প্রশংসা পায় এবং পুরো ইভেন্টের অন্যতম আলোচিত দল হিসেবে স্থান করে নেয়।
এই সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কুষ্টিয়ার উদীয়মান তরুণ উদ্ভাবক মোঃ আসলাম হোসেন। তিনি ১৫ জুন ২০০২ইং সালে জন্মগ্রহন করেছেন, আসলাম কম্পিউটিং, টেকসই প্রযুক্তি এবং ডিজিটাল ইনোভেশন নিয়ে ধারাবাহিক কাজের মাধ্যমে তরুণ গবেষকদের মাঝে পরিচিতি অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে টিম আলো শুধু জাতীয় পর্যায়ে স্বর্ণপদকই নয়, বরং পরিবেশবান্ধব ও সমাজকেন্দ্রিক উদ্ভাবনের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
টিম আলো তাদের প্রকল্প “প্লাস্টিক বোতল সোলার ল্যাম্প” উপস্থাপন করে, যা ব্যবহৃত প্লাস্টিক বোতল পুনর্ব্যবহার করে কম খরচে নবায়নযোগ্য শক্তিচালিত আলোক ব্যবস্থা তৈরি করে। এই উদ্ভাবন গ্রামীণ মৎস্যচাষ, ছোট উৎপাদন ক্ষেত্র ও নিম্নআয়ের মানুষের জন্য টেকসই সমাধান প্রদান করে।
বিচারকরা প্রকল্পটিকে বর্ণনা করেন: “ব্যবহারিক, পরিবেশবান্ধব এবং গ্রামীণ ও আধা-শহুরে এলাকায় অত্যন্ত সহজে বিস্তারযোগ্য।”
বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব
এই সাফল্যের পর টিম আলো-কে ওয়ার্ল্ড ইউথ ইনভেনশন অ্যান্ড ইনোভেশন ২০২৬ (WYII 2026)–এর আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করা হয়েছে। আন্তর্জাতিক রাউন্ডটি অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি ২০২৬ইং থাইল্যান্ডে যেখানে দলটি বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে তাদের উদ্ভাবন বিশ্বমঞ্চে উপস্থাপন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ভাইস চ্যান্সেলর সাউথইস্ট ইউনিভার্সিটি (প্রধান অতিথি), সোলেইমান লেখেম ডিরেক্টর ইজলিশ ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর, কো-অর্ডিনেটর থেওয়ারা চিটজুই মোহাম্মদ কাউসার উদ্দিন প্রেসিডেন্ট টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ।
তাদের উপস্থিতি অংশগ্রহণকারী সব তরুণ উদ্ভাবকদের জন্য অনুপ্রেরণাদায়ক হয়ে ওঠে।
টিম আলোর লক্ষ্য ও অঙ্গীকার
তাদের ভিশন সম্পর্কে আসলাম হোসেন বলেন, “আমাদের লক্ষ্য সবসময়ই এমন উদ্ভাবন তৈরি করা যা পরিবেশ, সমাজ এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। আমরা বিশ্বমঞ্চে বাংলাদেশের উদ্ভাবনী সম্ভাবনা তুলে ধরতে প্রতিজ্ঞাবদ্ধ।”













