
অনলাইন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট পর্যবেক্ষণে মাঠে রয়েছেন অন্তত ৩৯৪ জন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং ১৯৭ জন বিদেশি সাংবাদিক। সরকারি তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। স্বতন্ত্র ইউরোপীয় পর্যবেক্ষকসহ দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে এসেছেন ২৪০ জন। এ ছাড়াও বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ৫১ জন নির্বাচন পর্যবেক্ষণে এসেছেন। তাঁরা রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে পড়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজকের নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেছিলেন ১৫৮ জন, একাদশ সংসদ নির্বাচনে ১২৫ জন এবং দশম সংসদ নির্বাচনে মাত্র চারজন আন্তর্জাতিক পর্যবেক্ষক ছিলেন। ২০২৪ সালের নির্বাচনে অংশ নেওয়া বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে নানা প্রশ্ন উঠেছিল।
পর্যবেক্ষক পাঠানো উল্লেখযোগ্য সংস্থাগুলোর মধ্যে রয়েছে- এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট ২৭ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ১৯ জন এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) একজন, অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) থেকে দুজন, ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইক্যাপ) থেকে দুজন এবং ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস থেকে একজন।
এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ২১টি দেশ থেকে পর্যবেক্ষকরা এসেছেন। এর মধ্যে পাকিস্তান (৮), ভুটান (২), শ্রীলঙ্কা (১১), নেপাল (১), ইন্দোনেশিয়া (৩), ফিলিপাইন (২), মালয়েশিয়া (৬), জর্ডান (২), তুরস্ক (১৩), ইরান (৩), জর্জিয়া (২), রাশিয়া (২), চীন (৩), জাপান (৪), দক্ষিণ কোরিয়া (২), কিরগিজস্তান (২), উজবেকিস্তান (২), দক্ষিণ আফ্রিকা (২) ও নাইজেরিয়া (৪) উল্লেখযোগ্য।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভয়েস ফর জাস্টিস, ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রতিনিধিসহ ৫১ জন ব্যক্তি নিজ নিজ সক্ষমতায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সমন্বয় কার্যক্রমে যুক্ত সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ বলেছেন, বিভিন্ন দেশ ও সংস্থার পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর সাড়া আমাদের অভিভূত করেছে। এটি একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন। বিশ্বব্যাপী নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞ ও উচ্চ মর্যাদাসম্পন্ন অনেকেই এসেছেন, যা আমাদের জন্য স্বস্তিদায়ক।
প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ : এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (আনফ্রেল) একটি নির্বাচন পর্যবেক্ষক দল গতকাল প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাতে রোহানা হেট্টিয়ারাচ্ছির নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। একই দিনে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের একটি নির্বাচন পর্যবেক্ষক দল। ভয়েস ফর জাস্টিস ওয়ার্ল্ড ফোরামের আহ্বায়ক এবং যুক্তরাজ্যের শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শদাতা অধ্যাপক হাসানাত এম হুসাইনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।





