রাজধানীতে ৩৮ লাখ টাকা ডাকাতি, সাবেক সেনাসদস্যসহ গ্রেফতার ৯

0
13

অনলাইন ডেস্ক

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় একটি ডাকাত দলের নয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।

গ্রেফতারদের মধ্যে তিনজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন অতীতে র‍্যাবেও কর্মরত ছিলেন।

গ্রেফতাররা হলেন—তানভীর আবেদীন (জুই) (৪১), মো. মজিবুর রহমান (৬০), মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০), মো. সোলায়মান মৃধা (৫৫), মোহাম্মদ কবির হোসেন (৫০), আবুল কালাম আজাদ (৫০), মো. জাকারিয়া হোসেন ওরফে লেলিন (৪০) এবং সজল চৌধুরী (৩১)।

ফারুক হোসেন বলেন, গত ৩০ আগস্ট দুপুর ২টা ১০ মিনিটের দিকে ধানমন্ডি মডেল থানাধীন ১২/এ নম্বর সড়কে ডিঙ্গী রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে মো. খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতি করে ৮ থেকে ১০ জনের একটি দল। টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তানভীর আবেদীন ও মো. মজিবুর রহমানকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা হয়।

গ্রেফতার মজিবুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকিরকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারদের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত চক্রের আরও পাঁচ সদস্য—মো. সোলায়মান মৃধা, মোহাম্মদ কবির হোসেন, আবুল কালাম আজাদ, মো. জাকারিয়া হোসেন ওরফে লেলিন এবং সজল চৌধুরীকে গ্রেফতার করা হয়।

মো. ফারুক হোসেন আরও বলেন, অভিযানে মো. জাকারিয়া হোসেন ওরফে লেলিনের কাছ থেকে লুণ্ঠিত ৩ লাখ ৪৫ হাজার ৩৫০ টাকা এবং সজল চৌধুরীর কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ নিয়ে সর্বমোট ৫ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়েছে।

পলাতক ও অজ্ঞাতনামা ডাকাত সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।


রাজধানীতে ৩৮ লাখ টাকা ডাকাতি, সাবেক সেনাসদস্যসহ গ্রেফতার ৯

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here