
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৩ নম্বর চরআলগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি চরে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে চরআলগী ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন নারীর ওপর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ অত্যন্ত গুরুতর ও নিন্দনীয়। এ ধরনের ঘটনায় কোনো ধরনের গাফিলতি বা কালক্ষেপণ না করে দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী নারী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চরআলগী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মাস্টার, উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল কাইয়ুম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, জাসাস গফরগাঁও উপজেলার সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম, রুকনুজ্জামান রুকন, মেহেদী হাসান সৈয়দ, চরআলগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মিয়া, জাসাসের সিনিয়র সহসভাপতিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা সুমন ফরাজী, চরআলগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আলমগীর মিয়া, ছাত্রদলের রিফাত মিয়া ও গাওছুল আলম বাচ্চুসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন গফরগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা সুমন ফরাজী।
বক্তারা বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি মামলার কার্যক্রম দ্রুত সম্পন্ন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে আয়োজকরা জানান, ভুক্তভোগী নারী ও তার পরিবারের ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানিয়ে যাবেন।













