
মো. সাখাওয়াত হোসেন মামুন,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে ওনিয় ঘোষ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওনিয় ঘোষ ওই গ্রামের বাসিন্দা এবং পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পূর্বধলা বাজার পাদুকা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিকাশ ঘোষের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে ওনিয়কে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন স্বজনরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওনিয় ঘোষের মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় পূর্বধলা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।
শিশুটির মৃত্যুতে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার এবং যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ মনসুর খোকন আকন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।













