আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

0
2

চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্দোলনরত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর চাপ, ভয়ভীতি ও হুমকির প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এর আগে রাত ১১টা থেকে বিভিন্ন আবাসিক হল থেকে স্লোগান দিতে দিতে শিক্ষার্থীরা স্বাধীনতা চত্বরে জড়ো হন।

পরে মিছিলটি যানবাহন শাখা সংলগ্ন সড়ক হয়ে চুয়েটের আবাসিক এলাকার গোলচত্বর প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান, অনলাইন ভিসি প্রত্যাখ্যান’ এবং ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, অনেকে মনে করতে পারেন আন্দোলনে শিক্ষার্থীদের অংশগ্রহণ কমে যাচ্ছে। রাতের বিক্ষোভে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি তার জবাব দিয়েছে।

পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ হিল গালিব অভিযোগ করেন, আন্দোলনকে দমাতে কতিপয় মহল হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। এমনকি পরিবারের সদস্যদের ক্ষতি করারও চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, হুমকি-ধমকি দিয়ে আন্দোলন দমানো যাবে না। তাদের দাবি, চুয়েটের অধ্যাপক ড. শরীফুল আলমকে উপাচার্য পদে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল করতে হবে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।


আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here