খুলনায় ছেলের পর এবার বাবাকে গুলি করে হত্যা

0
4

খুলনা জেলা প্রতিনিধি

খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দূর্জনীমহল এলাকায় আক্তার ঢালী (৬০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

​নিহত আক্তার ঢালী ওই এলাকার মৃত মতলব ঢালীর ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় দূর্জনীমহল এলাকায় দুর্বৃত্তরা আক্তার ঢালীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আক্তার ঢালী দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। কে বা কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

​উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে একই এলাকার শহীদের মোড়ে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৭) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সে সময় হেলমেট পরিহিত ৪-৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে জয়ের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার দেড় মাসেরও কম সময়ের ব্যবধানে এবার বাবা আক্তার ঢালীকে গুলি করে হত্যা করা হলো। পরপর বাবা ও ছেলের এমন মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে দুই হত্যাকাণ্ডের মধ্যে কোনো পূর্বশত্রুতা বা প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


খুলনায় ছেলের পর এবার বাবাকে গুলি করে হত্যা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here