পানির অভাবে থমকে আছে আমন চাষ

0
74

মোঃ জসিম উদ্দিন খান,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

চাষির মুখে হাসি নেই। বৃষ্টির আশায় দিন গুনছেন আমন ধানচাষিরা। একদিকে বৃষ্টির অভাব, অন্যদিকে প্রখর রোদের কারণে আমন ধানের চারা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে দুশ্চিন্তায় রয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কৃষকরা।

জানা যায়, অন্য বছর এই সময় কৃষক হাঁটু পানিতে দাঁড়িয়ে আমন ধানের চাষাবাদ করতেন। কিন্তু এ বছর পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় সেচ দিয়েই আমন ধানের চাষাবাদ চলছে। উপজেলার গ্রামগুলোতে প্রতিদিন ১৪-১৫ ঘণ্টা লোডশেডিংয়ের কারণে সেচও দিতে পারছেন না কৃষক। কৃষকরা জানান, প্রখর রোদের কারণে দ্রুত মাটি ফেটে যাওয়ায় সেচ দিয়েও জমিতে পানি ধরে রাখা যাচ্ছে না। তিন-চার দিন পরপর সেচ দিলেও মাটি ফেটে যাচ্ছে। ফলে বাড়ছে সেচের খরচ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১২ হাজার ৮৬০ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর বিপরীতে এখন পর্যন্ত ১০ হাজার হেক্টর জমিতে আমনের চারা রোপণ হয়েছে। সরেজমিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফসলের মাঠ ঘুরে দেখা যায়, পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় শ্যালো মেশিন বা অগভীর নলকূপের সেচ দিয়েই এবার আমন ধানের চাষাবাদ চলছে। প্রচণ্ড রোদে উপজেলার অধিকাংশ ক্ষেত ফেটে চৌচির হয়ে গেছে। পানির অভাবে সদ্য রোপণ করা আমন ধানের চারাগুলো নিস্তেজ হয়ে যাচ্ছে।

চরঝাকালিয়া গ্রামের কৃষক বাচ্চু মিয়া, বনগ্রামের জয়নাল মিয়াসহ অনেকে বলেন, এখনই প্রচুর বৃষ্টি চাই। পানির অভাবে অনেকেই আমনের চারা রোপণ করতে পারছেন না। বীজতলায় চারা বড় হয়ে শুকিয়ে বিবর্ণ হয়ে যাচ্ছে। আবার যারা জমিতে চারা রোপণ করেছেন, বৃষ্টির অভাবে রোপণ করা আমনের চারা নষ্ট হয়ে যাচ্ছে। পানির অভাব, লোডশেডিং, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও শ্রমিকের বাড়তি মজুরির ফলে এখন পর্যন্ত বিঘাপ্রতি ২ হাজার টাকা বাড়তি খরচ হয়েছে। সব মিলিয়ে এবার আমন ধানের ফলন কম হবে এবং উৎপাদন ব্যয় বেড়ে যাবে বলে মনে হচ্ছে।

কটিয়াদী পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম নাঈমুল হাসান জানান, কৃষকদের সেচের কথা ভেবে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুকশেদুল হক বলেন, চলতি রোপা আমন মৌসুমে গড় বৃষ্টিপাত কম হচ্ছে। তাই আবাদ যাতে বিঘ্নিত না হয় সে জন্য কৃষকদের সম্পূরক সেচের মাধ্যমে আমন ধান চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।


পানির অভাবে থমকে আছে আমন চাষ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here