
মো: সাখাওয়াত হোসেন মামুন,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম ও উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন।
আজ সোমবার (১৭ আগস্ট ২০২৬) সকাল ১১টায় তিনি হাসপাতাল প্রাঙ্গণে এসে পৌঁছান। একই সময়ে তাঁর সাথে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং মমেক হাসপাতাল পরিচালনা কমিটির সহ-সভাপতি আবু ওয়াহাব আকন্দ। পরিদর্শনকালে (মমেক) হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা তাঁদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
হাসপাতালে প্রবেশ করে প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সরাসরি হাসপাতালের চিকিৎসক, নার্স ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনায় মিলিত হন। সেখানে তারা চিকিৎসাসেবার মান এবং হাসপাতালের উন্নয়ন নিয়ে বিস্তারিত কথা বলেন। আলোচনা শেষে মন্ত্রী মহোদয় সাধারণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি নির্মাণাধীন ক্যান্সার ভবন এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি ভবনের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন।
এরপর তাঁরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার সার্বিক খোঁজখবর নেন। রোগীরা হাসপাতালের সেবায় সন্তোষ প্রকাশ করলে প্রতিমন্ত্রী আরও উন্নত সেবা দেওয়ার নির্দেশ দেন এবং হাসপাতালের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে (মমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, উপ-পরিচালক ডা. জাকিউর রহমান, ড্যাব মমেক শাখার সভাপতি ডা. মো. বদর উদ্দীন ও সাধারণ সম্পাদক ডা. মাহমুদ হোসেন নাসিম উপস্থিত ছিলেন।
এছাড়াও গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আলহাজ্ব মো. আবদুর রহমান বাবুল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি মো. নূরুজ্জামান সোহেল, যুবদল নেতা মো. আতাউর রহমান, মো. সেলিম মিয়া, মো. সাদ্দাম হোসেন তালুকদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।













