যাত্রাবাড়ীতে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা, মা-ভাই-বোন আহত

0
30

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি

ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বাড়িতে ঢুকে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে ওই কলেজছাত্রীর মায়ের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। হামলায় আহত হয়েছে নিহতের ভাই-বোনও।

মঙ্গলবার ১৪ এপ্রিল ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু।

নিহত দিয়া (২০) শেখ বোরহানুদ্দীন কলেজের শিক্ষার্থী ছিলেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মা নুসরাত জাহান মৌসুমী (৪২), ছোট বোন জয়া (১২) ও ভাই মুয়াজ আহমেদ (১৫)। তাদের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় নিহতের বাবা নবু উল্লাহ বাড়িতে ছিলেন না।

পুলিশ বলছে, হামলাকারী ওই বাড়ির ভাড়াটে ও নির্মাণ ঠিকাদার। ওই বাড়ির নির্মাণ কাজের পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে এই হামলা হয়েছে। হামলাকারী ঠিকাদার আবু মুসাকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। তিনি পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

হতাহতদের হাসপাতালে নিয়ে আসে পরিবারটির গাড়ি চালক মো. বিল্লাল।

তিনি হাসপাতালে সাংবাদিকদের বলেন, সোমবার গভীররাতে এ হামলা চালায় আবু মুসা। এ সময়ে হামলাকারী নিজেও আহত হয়। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এসে হতাহতদের উদ্ধার করে, আটক করে মুসাকে।

বিল্লাল বলেন, আবু মুসা কয়েক বছর ধরে হামলার শিকার ব্যক্তিদের ১০ তলা ভবনের নির্মাণ কাজ করেন। সেই কাজের পাওনা টাকা নিয়ে ঝগড়াঝাটির একপর্যায়ে মুসা তাদের কুপিয়ে আহত করেন। ঘটনার সময় গৃহকর্তা নবু উল্লাহ তার অসুস্থ ছোট সন্তানকে নিয়ে হাসপাতালে ছিলেন।

ওসি মোহাম্মদ রাজু বলেন, “ভোরে কাজলা এলাকার একটি পরিবারের ওপর হামলা চালিয়ে ওই কলেজ ছাত্রীকে হত্যা করা হয়। এই ঘটনায় পরিবারটির আরও তিনজন হাসপাতালে ভর্তি আছে। হামলাকারী মুসা মিয়াও আহত হয়েছে। তাকে আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আর্থিক বিবাদ থেকে ঘটনাটি ঘটেছে। পাশাপাশি আর কোন মোটিভ আছে কী না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।


যাত্রাবাড়ীতে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা, মা-ভাই-বোন আহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here