
মোঃ জসিম উদ্দিন খান ,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
আল্লাহ তায়ালা’র নিকট একমাত্র গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের প্রচার ও প্রসারের লক্ষ্যে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরে কুলিয়ারচর উপজেলার দুঃস্থ ও অসহায়দের মধ্যে সরকারি যাকাত, ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সূদমুক্ত ঋণ এবং কল্যাণ ট্রাস্টের আওতায় আর্থিক সাহায্য হিসেবে ১৭ জনকে নগদ ১ লাখ ২ হাজার টাকা বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা।
গতকাল বুধবার (৩১ আগস্ট, ২০২২ খ্রিঃ) কুলিয়ারচর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ লুৎফর রহমান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইমাম ও মুয়াজ্জিনসহ উপকারভোগীগণ।
অফিস সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৬ জনকে প্রত্যেকে ৬ হাজার টাকা করে সরকারি যাকাত, ২ জনকে প্রত্যেকে ১৫ হাজার টাকা করে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সূদমুক্ত ঋণ বিতরণ এবং কল্যাণ ট্রাস্টের আওতায় আর্থিক সাহায্য হিসেবে ৯ জনকে প্রত্যেকে ৬ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ২ হাজার টাকা বিতরণ করা হয়।





