
শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:
বিয়ানীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মোল্লাপুর শাহী ঈদগাহ পাশ থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশ।
আটকৃতরা হলেন উপজেলার লাউতার পাতন বড়পাড়া এলাকার রফিক উদ্দিনের ছেলে সামছুল হক ওরফে সামছু (৪৫) এবং জকিগঞ্জ উপজেলার বিলেরবন্দ গ্রামের খলিল আহমদের ছেলে জাফরান আহমদ (৩৫) । বর্তমানে জাফরান বিয়ানীবাজারের বৈরাগীবাজারের খসির আব্দুল্লাপুর এলাকায় বসবাস করে। আটককালে তাদের সাথে থাকা প্রাইভেট কার তল্লাসী করে ২টি রাম দা,২টি রড এবং গ্রীল কাটার যন্ত্র,পিবিসি পাইপ,লাঠি,রশি সহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়।
সোমবার বিয়ানীবাজার থানায় আটককৃতদের বিরুদ্ধে উপপরিদর্শক (এসআই) হিমেল বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করেন। তাদের বিরুদ্ধে আরো একাধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, আটককৃতরা পেশাদার ডাকাত। তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত নানা আলামত উদ্ধার করা হয়েছে। সোমবার মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।













