আ.লীগের চূড়ান্ত মনোনয়নে গোয়াইনঘাটের চমক মুজিব-সুবাস

আব্দুল কাদির, গোয়াইনঘাট(সিলেট) প্রতিনিধি:

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগ, দলের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। চূড়ান্ত প্রার্থী তালিকায় নৌকার প্রতীকের মনোনয়ন পেয়েছেন ৪নং লেঙ্গুঁড়া ইউনিয়নে দলের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ মুজিবুর রহমান। এর আগে গত ১৯ অক্টোবর গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় তৃণমূলের ভোটে প্রাথমিক ভাবে মনোনীত হয়েছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া রাসেল।
অপরদিকে উপজেলার ডৌবাড়ী ইউপিতে দলের চূড়ান্ত প্রার্থী তালিকায় দলের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সদস্য সাংবাদিক সুবাস দাস। দলের বর্ধিত সভায় এই ইউপিতে তৃণমূলের ভোটে প্রাথমিক ভাবে মনোনয়ন পেয়েছিলেন উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এম. নিজাম উদ্দিন। তিনি গত নির্বাচনে অল্প ভোটের জন্য বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সারাদেশের ১হাজার ৭টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ভোটগ্রহণের দিন ধার্য্য করা হয়েছে। এই ধাপে গোয়াইনঘাট উপজেলার ৬টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। লেঙ্গুঁড়া ও ডৌবাড়ী ইউনিয়ন ছাড়া উপজেলার ১নং রুস্তমপুরে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, ৬নং ফতেপুরে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীন, ৭নং নন্দীর গাঁও ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান এস কামরুল হাসান (আমিরুল) ও ৮নং তোয়াকুল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লোকমান নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন।


আ.লীগের চূড়ান্ত মনোনয়নে গোয়াইনঘাটের চমক মুজিব-সুবাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here