
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গুলি সহ একাধিক মামলার আসামী রাকিব ওরফে এ্যাংকাকে (২৩) গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) সকালে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন।
সে রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন চর মেঘনা গ্রামের আক্তার মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে ৩টি ওয়ান সুটারগান, ৪ টি গুলি ও ৩টি কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী রাকিব ওরফে এ্যাংকা চরমেঘনা গ্রামে তার নিজ বাড়িতে অবস্থান করছেন। পরে বিষয়টি পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-ফারুককে অবগত করলে তার দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) মো. রায়হান সরকার ও রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে দিবাগত রাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে তার বসত ঘরে তল্লাশি চালিয়ে ঘরের খাটিয়ার নিচে থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র, হত্যা, চাঁদাবাজি, দস্যুতাসহ ৯ টি মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত আসামী। এব্যাপারে রায়পুরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের প্রস্তুতি প্রক্রিয়াধীন।