
মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটায় দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে।
বৃহস্পতিবার বেলা ১১.৩০টার দিকে বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে, আশাশুনি থেকে যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী মিনিবাস সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়। এরপর যাত্রীবাহী মিনিবাসটি ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই তার সামনের চাকা বাস্ট হয়ে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে একটি খাদে গিয়ে পড়ে। পরে স্থানীয়রা বাসে থাকা যাত্রীদের দ্রুত উদ্ধার করেন। এসময় বাসের চালক ও হেলপার কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও আশাশুনি ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশাশুনি ফায়ার সার্ভিস কর্মকর্তা আবুল কালাম মোড়ল জানান, আহতদের মধ্যে কয়রা উপজেলার বামিয়া গ্রামের সুরত আলী সরদারের ছেলে ইমান আলী সরদার মারাত্মকভাবে আহত হওয়ায় তাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও দুর্ঘটনা কবলিত বাসে থাকা অন্যান্য যাত্রীদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর ও আশাশুনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের খোঁজখবর নেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত বাসটি খাদে পড়েছিল।













