অনলাইন গেমে আসক্তি, ঋণের অর্থ শোধ করতে মাকে খুন!

0
101

অনলাইন ডেস্ক

ঘটনাটি ভারতের। দেশটির উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায় হিমাংশু সিং নামে এক তরুণ অনলাইন গেম খেলায় আসক্ত হয়ে পড়েছিলেন। সেই গেম খেলতে খেলতে বিপুল অর্থ ঋণ হয়ে যায় তার। অভিযোগ, সেই ধারের অর্থ শোধ করতে নিজের মাকেই খুন করে বসলেন ওই তরুণ। পুলিশকে তিনি জানিয়েছেন, মায়ের জীবনবিমার অর্থ হাতিয়ে নিতে তাকে খুন করেছেন।

এরই মধ্যে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে ওই ভয়াবহ ঘটনার কথা। পুলিশকে অভিযুক্ত যুবক জানিয়েছেন, ধারের অর্থ শোধ করতেই মাকে খুন করার ছক কষেছিলেন তিনি। বাড়িতেই মাকে খুন করেন, তারপর মৃতদেহ নিয়ে গিয়ে ফেলে আসেন স্থানীয় যমুনা নদীর তীরে। ঘটনার দু’দিন পর পুলিশ লাশ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহতের ছেলে ছোটবেলা থেকেই অনলাইনে গেম খেলায় আসক্ত ছিলেন। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই আসক্তি ক্রমশ বাড়তে থাকে। বারবার হেরে গিয়েও অনলাইনে গেম খেলা ছাড়েননি তিনি। বাড়ি থেকে অর্থ না পাওয়ায় ধার করে খেলা চালিয়ে যান হিমাংশু। ধার করতে করতে সেই অর্থের পরিমাণ যে কখন চার লাখ রুপি ছাড়িয়ে গিয়েছে তা বুঝতেও পারেননি তিনি।

কীভাবে ধারের অর্থ শোধ করবেন সেই চিন্তা করতে করতেই হিমাংশুর মাথায় আসে মায়ের নামে করা ৫০ লাখ রুপির জীবনবিমার কথা। সেই অর্থ হাতিয়ে নেওয়ার জন্যই তিনি তার মাকে খুন করেছেন বলে অভিযোগ। বাবা বাড়ি ছিলেন না, সেই সুযোগে মা প্রভারানিকে শ্বাসরোধ করে খুন করেন হিমাংশু। তারপর ট্র্যাক্টরে করে মরদেহ নিয়ে গিয়ে ফেলে আসেন যমুনার পাড়ে।

নিহতের স্বামী রোশন সিং বাড়ি ফিরে এসে স্ত্রী এবং ছেলেকে না পেয়ে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু কেউই তাদের খোঁজ দিতে পারেননি।

তবে এক প্রতিবেশী জানান, তিনি হিমাংশুকে দেখেছেন ট্র্যাক্টরে করে নদীর দিকে যেতে। তারপরই সন্দেহ হয় রোশনের। খবর দেন পুলিশকে। মরদেহ উদ্ধার করার পর হিমাংশুকে জেরা করা শুরু করে পুলিশ। জেরার মুখে নিজের অপরাধের কথা স্বীকার করে নেন হিমাংশু।

স্থানীয় সিনিয়র পুলিশ অফিসার বিজয় শঙ্কর মিশ্র বলেন, “হিমাংশু তার মাকে খুন করে মরদেহ ফেলে পালিয়ে যান। দু’দিন পর তার খোঁজ পাওয়া যায়। তাকে গ্রেফতার করার পরেই জঘন্য অপরাধের পর্দা ফাঁস হয়। আমরা ঘটনার তদন্ত করছি। এই ঘটনায় আর কেউ যুক্ত আছেন কি না তা জানারও চেষ্টা করা হচ্ছে।” সূত্র: এনডিটিভি


অনলাইন গেমে আসক্তি, ঋণের অর্থ শোধ করতে মাকে খুন!

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here