
বিশেষ প্রতিনিধি ভোলা
ভোলার লালমোহনে ২৭টি ড্রামসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভোলা-চরফ্যাশন সড়কের ফায়ার সার্ভিস এলাকার খান সাহেব রোড থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় খান সাহেব রোডে কাভার্ড ভ্যানটি রেখে চালক পালিয়ে যান। পরে খবর পেয়ে লালমোহন থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে।
জব্দ করা কাভার্ড ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-ন-১৯-৫৬৪৬। এতে ২৭টি ড্রাম রয়েছে। তবে ড্রামগুলোতে তেল আছে কি না এবং থাকলে কী পরিমাণ তেল রয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয় কয়েকজনের ধারণা, কাভার্ড ভ্যানে থাকা তেল চোরাই হতে পারে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফিরোজ আলম বলেন, “তেল ভর্তি কাভার্ড ভ্যানটি রেখে চালক পালিয়ে গেছে। গাড়ির ভেতরে ২৭টি ড্রাম রয়েছে। এগুলো খালি না ভর্তি, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
তিনি আরও বলেন, “কাভার্ড ভ্যানটিতে কী পরিমাণ তেল রয়েছে, গাড়িটি কোথা থেকে এসেছে এবং কোথায় যাওয়ার কথা ছিল—এসব বিষয় এখনো স্পষ্ট নয়। পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, কাভার্ড ভ্যানটির চালককে শনাক্ত ও আটকের পাশাপাশি গাড়িতে থাকা ড্রামগুলোর প্রকৃত অবস্থা এবং তেলের উৎস সম্পর্কে তদন্ত করা হচ্ছে।













