
মোঃ সুমন বেপারী,শিক্ষানুবিশ প্রতিনিধি
বরগুনা: বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি সরকারিভাবে ঘোষণা করা হয়।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, নজরুল ইসলাম মোল্লা দীর্ঘদিন ধরে বরগুনার রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।
বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীন বলেন, জেলার উন্নয়নকে আরও এগিয়ে নিতে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নজরুল ইসলাম মোল্লা তার প্রতিক্রিয়ায় বলেন, “বরগুনা জেলার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে আমি সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। জেলার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও পর্যটন খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সর্বোচ্চ চেষ্টা করব।”













