বগুড়ায় গুলি-ছুরিকাঘাতের মামলায় ৫ গ্রেফতার

0
14

বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ায় মাটিডালী বিমান মোড় এলাকায় সিএনজি স্ট্যান্ডের সভাপতি মো. মোকছেদুল হাসানকে লক্ষ্য করে ফাঁকা গুলি ও ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। পরে গ্রেফতারদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে বগুড়া মহানগরের মাটিডালী উত্তরপাড়া এলাকায় একটি কার হাউসের বিপরীতে নিউ প্রাপ্ত মোটরসের সামনে বসে ছিলেন মোকছেদুল হাসান (৩৮)। এ সময় পূর্বশত্রুতার জের ধরে একটি হাইস গাড়ি ও মোটরসাইকেলে করে একদল ব্যক্তি সেখানে আসে। তাদের কয়েকজনের হাতে পিস্তল এবং অন্যদের হাতে হকিস্টিক, লাঠি ও ধারালো অস্ত্র ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, আতঙ্ক সৃষ্টি করতে তারা ৪ থেকে ৫টি ফাঁকা গুলি ছোড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মোকছেদুল হাসানকে মারধর করা হয়। তাকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি বাম হাত দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করেন। এতে তার বাম কব্জিতে গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয়। পরে ধারালো চাকু ও রামদা দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

আহত মোকছেদুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তার মা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।

মামলা নম্বর-৩৭, তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬। মামলায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনসহ দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার পলাতক আসামিরা বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বোটক্লাব এলাকায় অবস্থান করছে। পরে ৯ সেপ্টেম্বর রাতে সেখানে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ৭ নম্বর আসামি মো. সিজার শেখ (২৫) এবং তদন্তে প্রাপ্ত আসামি মো. মহরম ওরফে ক্যাইলা মহরম ওরফে সজীবকে (৩৪) গ্রেফতার করা হয়।

এ সময় তাদের সঙ্গে থাকা সন্দেহভাজন আরও তিনজন—রুবাই (২২), আশিকুর রহমান আকাশ (৩১) ও আবু জিহাদ (২৮)—কে আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়। পরে ওই তিনজনকে ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


বগুড়ায় গুলি-ছুরিকাঘাতের মামলায় ৫ গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here