দারুস সালাম থেকে হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

0
151

রাজধানীর দারুস সালাম থানার বাগবাড়ি এলাকার একটি বাসা থেকে বুধবার সন্ধ্যায় আক্তার হোসেন (৪৭) নামের এক ব্যক্তির হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা হাত-পা ও মুখ বেঁধে হাতুড়ির আঘাতে আক্তারকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, আক্তার বাগবাড়ি এলাকার একটি বাড়ির নিচতলায় একা ভাড়া থাকতেন। আজ দুপুরে প্রতিবেশীরা আক্তারের বাসার খোলা দরজা দিয়ে খাটের ওপর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে দেখতে পান। এ সময় তাঁরা ঘটনাটি দারুস সালাম থানায় জানান। পরে পুলিশ এসে সন্ধ্যায় আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
ঘটনা তদন্তকারী দারুস সালাম থানার উপপরিদর্শক সুলতান মাহমুদ বলেন, ‘দুর্বৃত্তরা আক্তারের হাত–পা ও মুখ বেঁধে হাতুড়ির আঘাতে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। গত মঙ্গলবার রাত থেকে ভোরের মধ্যে এ ঘটনা ঘটতে পারে। কারা এবং কেন হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে দারুস সালাম থানায় হত্যা মামলা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, আক্তার আবাসন প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত বছরে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে তাঁর চাকরি চলে যায়। এরপর তিনি বেকার ছিলেন। তাঁর আট বোনের ছয় বোন ঢাকায় এবং দুই বোন থাকেন যুক্তরাষ্ট্রে। আক্তারের মা ঢাকায় তাঁর বোনদের সঙ্গে থাকেন। তাঁর বাবা অনেক আগেই মারা গেছেন।


দারুস সালাম থেকে হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here